ভারত থেকে বাংলাদেশে ফিরলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে প্রত্যাশা করছে ঢাকা।
আজ (সোমবার, ২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরবর্তী সময়ে বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।
এদিকে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনা এবং প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

