Wednesday, 18 November 2026
  • Home  
  • ‘ফরিদপুরকে শান্তির জনপদ ও আওয়ামী সন্ত্রাসমুক্ত করতে চাই’—সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

‘ফরিদপুরকে শান্তির জনপদ ও আওয়ামী সন্ত্রাসমুক্ত করতে চাই’—সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুরকে শান্তিময়, সন্ত্রাসমুক্ত ও স্থিতিশীল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও আস্থায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁদের প্রতি তাঁর অঙ্গীকার রয়েছে। ফরিদপুরের উন্নয়ন, শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যেতে চান। এ জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা […]

ফরিদপুরকে শান্তিময়, সন্ত্রাসমুক্ত ও স্থিতিশীল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও আস্থায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁদের প্রতি তাঁর অঙ্গীকার রয়েছে। ফরিদপুরের উন্নয়ন, শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যেতে চান। এ জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর নেতৃত্বে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রার অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘আপনারা ভালোবেসে আস্থা রেখে আমাকে ভোট দিয়েছেন, এমপি করেছেন। তাই আপনাদের প্রতি আমার প্রতিজ্ঞা, আপনাদের জন্য আমি কাজ করব।’ ফরিদপুরের রাজনৈতিক পরিবেশ ও জননিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আসুন আমরা সকলে মিলে এই ফরিদপুরকে একটি শান্তির ফরিদপুর গড়ে তুলি। আমরা এই ফরিদপুরকে আওয়ামী সন্ত্রাসমুক্ত করি। আপনাদের সকলের সহযোগিতা পেলেই কেবল এটি সম্ভব।’ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘এই দেশের মাটি ফোকলা করে টাকা নিয়ে—৫৩ লক্ষ কোটি টাকা আমার-আপনার টাকা নিয়ে এ দেশ থেকে পালিয়ে গেছে। এই অবৈধ টাকা দিয়ে আবার তারা সন্ত্রাসী পেলে এ দেশের মানুষকে অস্থিতিশীল করতে চাচ্ছে, কষ্ট দিতে চাচ্ছে। আমরা এটা হতে দেবো না।’ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আসুন আমরা সেই প্রতিজ্ঞা নেই, আমরা আর শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনবো না। একসাথে কাজ করে এই দেশকে একটি সুন্দর দেশে পরিণত করি।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx