Tuesday, 17 November 2026
  • Home  
  • ভাঙ্গায় মহাসড়কে বিক্ষোভ ও সংঘর্ষে কৃষক দল নেতা নিহত, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
- ফরিদপুর জেলার খবর

ভাঙ্গায় মহাসড়কে বিক্ষোভ ও সংঘর্ষে কৃষক দল নেতা নিহত, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের স্থানীয় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় […]

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের স্থানীয় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নিহত রাজু মোল্যা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ওই পথে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

অবরোধের খবর পেয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান। বিএনপির ওই বহরে থাকা একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ ও একাধিক ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় বিএনপির নেতা-কর্মীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর করে।

গুরুতর আহত অবস্থায় রাজু মোল্যাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা তানজীরুল ইসলাম মামুন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx