ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চলের প্রায় দেড় হাজার পরিবার পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন জীবনযাপন করছে। সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় গত ৮ জুন থেকে নারিকেলবাড়িয়া ইউনিয়ন ও চর নাসিরপুর ইউনিয়নের আংশিক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য এবং কৃষিকাজে দেখা দিয়েছে সেচসংকট।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী পেরিয়ে ট্রলারে করে পৌঁছাতে হয় সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া এলাকায়। নদী পার হওয়ার পর কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাদামাখা পথ পেরিয়ে যেতে হয় দুর্গম এই জনপদে। এর মধ্যে দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর ২০২১ সালে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে প্রথম বিদ্যুতের আলো পৌঁছায় নারিকেলবাড়িয়া চরাঞ্চলে। বিদ্যুৎ সংযোগ চালুর পর বদলে যেতে শুরু করে মানুষের জীবনযাত্রা। ঘরে ঘরে ব্যবহৃত হতে থাকে টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা ও পানির মোটরসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। কিন্তু সংযোগ চালুর এক বছরের মধ্যেই ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। কয়েক দফা মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বারবার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। সর্বশেষ গত ৮ জুন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎহীন রয়েছে এলাকাটি। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
নারিকেলবাড়িয়া এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. কুসুম আক্তারী বলেন, চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর শিশুরা পড়তে চায় না। বিদ্যুৎ থাকলে শিক্ষার্থীদের এই সংকট অনেকটাই কমে যেত। বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পারায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমে গেছে বৈদ্যুতিক পণ্যের বিক্রি।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল ফরিদ মাতুব্বর বলেন, বিদ্যুৎ আসার পর দোকানে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তুলেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় সেগুলো বিক্রি হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। অন্যদিকে বিদ্যুৎচালিত সেচব্যবস্থা ব্যাহত হওয়ায় কৃষকদেরও পড়তে হচ্ছে বিপাকে। এদিকে সাবমেরিন ক্যাবল বারবার ছিঁড়ে যাওয়ার কারণ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের দাবি, বিদ্যুৎ সংযোগ চালুর পর থেকে তিনবার সাবমেরিন ক্যাবল ছিঁড়েছে। নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ক্যাবল ব্যবহারের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের বক্তব্য ভিন্ন। তাঁর ধারণা, অবৈধভাবে বালু উত্তোলন কিংবা নৌযানের নোঙর ফেলার কারণে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান তিনি।
তাঁর ভাষ্য, আগামী ডিসেম্বরের দিকে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে। দীর্ঘদিন বিদ্যুৎহীন থাকায় পদ্মাবেষ্টিত এই জনপদের মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাময়িক মেরামত করে সমস্যার সমাধান সম্ভব নয়। বারবার ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে নিতে হবে স্থায়ী ও কার্যকর উদ্যোগ।


