ফরিদপুরে সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এবং সমাজ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা দোলা সাহা ও মোহাম্মদ জাফর ইকবাল। এ ছাড়া সাজেদা কবিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে সাহিত্য-সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভা শেষে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। ফরিদপুর পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

