ফরিদপুরের রাজপথে নেতাকর্মীদের নিয়ে বিশাল মোটরসাইকেল মহড়া করেছেন ফরিদপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অরাজকতা প্রতিরোধের পাশাপাশি শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ মোটরসাইকেল মিছিল বের করা হয়। শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিল থেকে মিছিলটি শুরু হয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফরিদপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ রাখতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি জানান দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মোটরসাইকেল মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

