কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকেলে শহরের ইমাম উদ্দিন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী বেনজীর আহমেদ তাবরিজের নেতৃত্বে ও সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমাস বেপারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম। এর আগে বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হওয়ার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


