Tuesday, 17 November 2026
  • Home  
  • শয্যাশায়ী বৃদ্ধার জমি দখলের অভিযোগ, বিছানায় শুয়েই সংবাদ সম্মেলন
- ফরিদপুর জেলার খবর

শয্যাশায়ী বৃদ্ধার জমি দখলের অভিযোগ, বিছানায় শুয়েই সংবাদ সম্মেলন

বয়স ৮০ বছর। শরীরে বাসা বেঁধেছে নানা অসুস্থতা। স্ট্রোকের পর শয্যাশায়ী হয়ে দিন কাটছে বৃদ্ধা আমেনা বেগমের। ঠিকমতো জুটছে না চিকিৎসার খরচও। জীবনের শেষ সময়ে এসে নিজের পৈতৃক সম্পত্তির ১০ শতাংশ জমি ফিরে পেতে এখন তাঁকে লড়তে হচ্ছে। অভিযোগ, প্রায় এক যুগ ধরে ওই জমি দখলে রেখেছেন স্থানীয় এক কৃষকদল নেতা। জমি উদ্ধার ও মায়ের […]

বয়স ৮০ বছর। শরীরে বাসা বেঁধেছে নানা অসুস্থতা। স্ট্রোকের পর শয্যাশায়ী হয়ে দিন কাটছে বৃদ্ধা আমেনা বেগমের। ঠিকমতো জুটছে না চিকিৎসার খরচও। জীবনের শেষ সময়ে এসে নিজের পৈতৃক সম্পত্তির ১০ শতাংশ জমি ফিরে পেতে এখন তাঁকে লড়তে হচ্ছে। অভিযোগ, প্রায় এক যুগ ধরে ওই জমি দখলে রেখেছেন স্থানীয় এক কৃষকদল নেতা। জমি উদ্ধার ও মায়ের চিকিৎসার খরচ জোগাতে শেষ পর্যন্ত বিছানায় শুয়েই সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ ঘটনায় সড়কে মানববন্ধন করেছেন তাঁর সন্তান ও প্রতিবেশীরা।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরমঙ্গলকোর্ট গ্রামে এ ব্যতিক্রমী সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃদ্ধা আমেনা বেগম ওই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী। তাঁর দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর দুই ছেলে কাউছার প্রামাণিক (৬০) ও সেলিম প্রামাণিক (৫০) এবং মেয়ে খাদিজা বেগম (৪৫)।

পরিবারের সদস্যরা জানান, আমেনা বেগমের বাবার বাড়ি পাশের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে। সেখানে তাঁর পৈতৃক সম্পত্তির মোট ১৫৭ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ জমি তাঁর ভাগে পড়ে। ওই জমি তাঁর নিজের নামে রেকর্ডভুক্ত। তবে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে নিখুরদি গ্রামের মৃত ইয়াকুব আলী খলিফার ছেলে অ্যাডভোকেট সোলাইমান হোসাইন জমিটি দখল করে রেখেছেন বলে অভিযোগ পরিবারের। সোলাইমান বর্তমানে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

বিছানায় শুয়ে সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, “আমি তো কোনো দিন আমার জমি সোলাইমানের কাছে বিক্রি করি নাই। ও আমার জমি দখল করছে। আজ ১০ বছর ধরে ও জমি ভোগ করছে। আমার ছেলেদেরও জমিতে যেতে দেয় না। গেলেই শুধু ঝামেলা করে।”

মানববন্ধনে দাঁড়িয়ে ছেলে কাউছার প্রামাণিক অভিযোগ করেন, তাঁর মায়ের নামে রেকর্ডভুক্ত ওই ১০ শতাংশ জমির সঙ্গে সোলাইমানের কোনো সম্পর্ক বা ওয়ারিশসূত্রে অধিকার নেই। অথচ প্রভাব খাটিয়ে তিনি জমিটি দখলে রেখেছেন। পরে মাসুদ চোকদার নামে এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় জমিটি বন্ধক রেখেছেন বলেও দাবি করেন তিনি। কাউছার বলেন, “আমরা জমিতে গেলে মাসুদ চোকদার বলেন, সোলাইমান তাঁর কাছে জমিটি বন্ধক রেখেছেন। জমিতে যেতে চাইলে সোলাইমান আমাদের হুমকি-ধমকি দেন। গত ১০ বছর ধরে বিভিন্ন জায়গায় গিয়েও বিচার পাইনি। আমরা সরকার ও প্রশাসনের কাছে জমিটি উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

মেয়ে খাদিজা বেগম বলেন, তাঁর মা স্ট্রোক করে বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। মায়ের চিকিৎসার খরচ জোগাতে ওই জমি বিক্রির জন্য বারবার অনুরোধ করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বরং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখানোসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন কৃষকদল নেতা অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। তাঁর দাবি, ওই দাগে মোট ১৫৭ শতাংশ জমি রয়েছে। ওয়ারিশসূত্রে তাঁর দাদা ও চাচা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছিলেন। চাচার কাছ থেকে তিনি জমির দখল পেয়েছেন এবং প্রায় ৩০ বছর ধরে ওই জমিতে তাঁর দখল রয়েছে। সোলাইমান হোসাইন বলেন, “আমেনা বেগম যদি ওই জমির অংশীদার হন, তাহলে তিনি ওয়ারিশদের সঙ্গে তাঁর প্রাপ্য অংশ পাবেন। আর মাঠ রেকর্ড হয়ে থাকলে তা ভুলক্রমে হয়েছে। আমি তাঁর কোনো জমি দখল করিনি।” উল্লেখ্য, এর আগেও অ্যাডভোকেট সোলাইমান হোসাইনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। সম্প্রতি নিখুরদি গ্রামের বাসিন্দা বৃদ্ধ আলতাফ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে নিরাপত্তা চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এদিকে, অসুস্থ বৃদ্ধা আমেনা বেগমের জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির বিষয়টি সামনে আসায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৃদ্ধার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx