বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ (শনিবার, ১৪ নভেম্বর) সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শিশু হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. আলী আকবর হালদার, শিক্ষাবিদ প্রফেসর এ.বি.এম. আব্দুস সাত্তার ও প্রফেসর এম. এ. সামাদ, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতন জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস ও সময়মতো স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বক্তারা ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং বিগত দিনের কার্যক্রম নিয়েও আলোচনা করেন। পাশাপাশি হাসপাতালের সেবার পরিধি ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সভায় ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

