রাজনৈতিক মতাদর্শ ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিগত নির্বাচনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদ বেগের পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত চরভদ্রাসনের ‘আনোয়ারা মান্নান বেগ’ কলেজের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি।
আজ (শনিবার, ১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “আপনার দল কী, ধর্ম কী, বর্ণ কী, গোত্র কী কিংবা রাজনৈতিক পরিচয় কী—এসব খুঁজে দেখার কোনো আগ্রহ আমার নেই। আমার কাছে সবার আগে মানুষ, সবার আগে মানবিকতা।” স্থানীয় রাজনীতিতে সৌহার্দ্য ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ভালোবাসা, পারস্পরিক সম্মান, সম্প্রীতি এবং সর্বোপরি আমার ফরিদপুর-৪ জনপদের উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না। আমার কাছে পরিচয়ের চেয়ে মানুষ বড়, বিভেদের চেয়ে সম্প্রীতি বড়। আর সবার ওপরে আমার প্রিয় জনপদ, ফরিদপুর-৪।”
এ সময় তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি ফরিদপুর-৪ আসনের মানুষকে ভালোবাসুন, সম্মান করুন এবং সুখে-দুঃখে তাঁদের পাশে থাকুন। আমিও আপনাকে ভালোবাসবো, সম্মান করবো এবং হৃদয়ে জায়গা দেবো।”
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ বেগের বড় ভাই ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট) নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার পরিবারের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সংসদ সদস্যের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ অঞ্চলটিতে সুস্থ রাজনৈতিক চর্চা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরপরে সংসদ সদস্য বিকালে ফরিদপুরের চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ দুটি উদ্যোগের মধ্য দিয়ে চরভদ্রাসন উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন সংযোজন হলো।

