ফরিদপুরের বিশিষ্ট সুরসাধক মোঃ আলাউদ্দিনের দীর্ঘ সংগীতসাধনা ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান স্মরণে প্রকাশিত হয়েছে স্মারক গ্রন্থ। তাঁর সংগীতজীবন, সাধনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বইঘাটার উদ্যোগে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বইঘাটার সভাপতি ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট বাউলশিল্পী হাফিজুর রহমান পাগলা বাবলু, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক মহসীন হাবিব এবং স্মারক সম্পাদনা পরিষদের প্রতিনিধি অমিত মনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। এ ছাড়া বক্তব্য দেন লাইলী নাহার, বাবলা চৌধুরী, সেলিম মজুমদার, ফিরোজা বেগম ও কবি জাহাঙ্গীর খান। অনুষ্ঠানে সুরসাধক মোঃ আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে তাঁর জীবন ও সংগীতসাধনাকে ঘিরে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বক্তারা বলেন, সংগীত ও সংস্কৃতির অঙ্গনে মোঃ আলাউদ্দিনের দীর্ঘদিনের সাধনা ও অবদান ফরিদপুরের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর সংগীতজীবন ও সৃজনশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ স্মারক গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মোঃ আলাউদ্দিনের সংগীতজীবনের বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে তাঁর পরিচালনায় যন্ত্রসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মৃতিচারণ, শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ।

