ফরিদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। সরকারি হিসাবে, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন।
শনিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০ জন। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভা। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। তবে প্রশাসনের এসব উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর মতো রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলয়াছুর রহমান বলেন, ফরিদপুর পৌরসভা ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। ডেঙ্গু আক্রান্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। সরকারি বরাদ্দের পাশাপাশি পৌরসভার নিজস্ব অর্থায়নেও এ কার্যক্রম চালানো হচ্ছে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা অন্য কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সবাই সম্মিলিতভাবে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব হবে।


