নিহত বাসচালক কালাচাঁদ শেখের আত্মার মাগফিরাত এবং জেলা ছাত্রদলের জনপ্রিয় নেতা খায়রুল ইসলাম রোমানের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের আলিপুরের কানাই মাতুব্বর মোড় এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, শাকিব মিয়া রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তৈয়মুর রহমান তপু, সমীর বিডি, সাইদুল ইসলাম সাইদ এবং রকি খানসহ প্রমুখ।
দোয়া মাহফিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জুলাইয়ের গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের একটি অংশ এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে তারা আবারও রক্তের খেলায় মেতে উঠেছে। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছে। ফ্যাসিস্টদের যেকোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চলা সব ধরনের ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে এবং কোনো চক্রান্তই সফল হতে দেওয়া হবে না। আলোচনা শেষে নিহত বাসচালক কালাচাঁদ শেখের বিদেহী আত্মার মাগফিরাত এবং অসুস্থ নেতা খায়রুল ইসলাম রোমানের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


