ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “সকল বাধা-বিপত্তি পেরিয়ে, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।”
আজ(মঙ্গলবার, ১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সংসদীয় এলাকার উন্নয়ন এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওই পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেছেন এই সংসদ সদস্য।
এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে শান্তি ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অংশীদারিত্বমূলক রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি জনকল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বর্তমান সংসদ কাজ করে যাচ্ছে। এলাকার তৃণমূল মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যের এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

