প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কৃতী সন্তান মো. দাউদ মিয়া, এনডিসি। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান দায়িত্ব থেকে বদলি করে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. দাউদ মিয়া ১৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন।
এ ছাড়া তিনি কপিরাইট অফিসের রেজিস্ট্রার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কপিরাইট অফিসের রেজিস্ট্রার থাকাকালে মেধাস্বত্ব সুরক্ষা, কপিরাইট আইন আধুনিকায়ন এবং ডিজিটাল যুগে মেধাস্বত্ব লঙ্ঘন প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ বিষয়ে বিভিন্ন কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমেও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন তিনি। মাঠ প্রশাসনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ভোলা ও বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), কুমারখালী ও দিঘলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক হিসেবেও সরকারি দায়িত্ব পালন করেছেন তিনি। মো. দাউদ মিয়ার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে। তিনি প্রয়াত মোফাজ্জল মাস্টারের কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
ফরিদপুরের বোয়ালমারীর সন্তান দাউদ মিয়ার গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। দেশের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের উন্নয়নে তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

