শিক্ষার্থীদের আত্মরক্ষা, শারীরিক ফিটনেস, মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্শাল আর্ট (কারাতে) প্রশিক্ষণ কার্যক্রম।
আজ (সোমবার, ৯ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে মার্শাল আর্ট অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশে আশির ও নব্বইয়ের দশক থেকে এর যাত্রা শুরু হলেও তা আশানুরূপ প্রসার লাভ করতে পারেনি। মূলত এই খেলা ও শিল্পটিকে সাধারণের মাঝে ছড়িয়ে দিতেই নতুন ইভেন্ট হিসেবে একে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, মার্শাল আর্ট কেবল একটি সাধারণ খেলা বা শিল্পই নয়, এটি অত্যন্ত কার্যকরী একটি আত্মরক্ষার মাধ্যম। কোনো ধরনের অস্ত্র ছাড়াই আকস্মিক বিপদ কিংবা দুষ্কৃতিকারীদের মোকাবিলায় খালি হাতে নিজেকে সুরক্ষিত রাখতে এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক গণমাধ্যমকে নিশ্চিত করেন, শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের ১০টি স্কুলে ইতিমধ্যে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেও এ কার্যক্রম প্রসারিত করা হবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরে মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে পড়াশোনার পাশাপাশি শারীরিক ফিটনেস এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেবল আত্মরক্ষা শেখায় না; এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, একাগ্রতা এবং নৈতিক মনন গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনসানা তানজিন ইকো, ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের কোঅর্ডিনেটর পার্থ সাহা, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জাকিয়া নাসরিন ও দিবা শাখার শিফট ইনচার্জ আকাশ সাহা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

