Sunday, 8 November 2026
  • Home  
  • আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, অপরাধ ও যানজট নিরসনে জিরো টলারেন্সের ঘোষণা
- ফরিদপুর জেলার খবর

আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, অপরাধ ও যানজট নিরসনে জিরো টলারেন্সের ঘোষণা

ফরিদপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি মাদক, সামাজিক অপরাধ ও শহরের যানজট নিরসনে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন […]

ফরিদপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি মাদক, সামাজিক অপরাধ ও শহরের যানজট নিরসনে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

আজ (রোববার, ৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মতীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) মো. আশরাফ আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া, জেলা আনসার ও ভিডিপির কমান্ডার চন্দন দেবনাথ এবং বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা।

এছাড়া রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মাদকের ভয়াবহ বিস্তার রোধে ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিত সচেতনতামূলক ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।

শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে বাসস্ট্যান্ড, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি লাইসেন্সবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, অতিরিক্ত গতি এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে যাতে কেউ শান্ত পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক ও সোচ্চার থাকার পরামর্শ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা কেবল প্রশাসন বা পুলিশের একক কাজ নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।” জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে দ্রুততম সময়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx