‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
আজ (রোববার, ৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে শহরের রাজেন্দ্র কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শিশু একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম, ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ খন্দকার মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময় চৌধুরী, ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি ওমর আলী, শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি ফারুক হোসেন ও প্রধান নির্বাহী জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লাল্টু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিমউদ্দীন। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন আরিফ খান, সালমা আক্তার ও নাজিমুদ্দিন লেলিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্যবদ্ধতা। সমবায়ীদের মধ্যে ঐক্য, সততা ও পারস্পরিক বিশ্বাস বজায় রাখা জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় সমিতিগুলো নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, জেলার সব সমবায় সমিতিকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করা যেতে পারে। এর মাধ্যমে সমবায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, অনেক সমবায় সমিতির নিবন্ধন থাকলেও বাস্তবে তাদের কোনো কার্যক্রম নেই। এসব সমিতিকে পুনরায় সচল করে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


