জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের তৃতীয় তলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ডেপুটি সিভিল সার্জন হাফিজুর রহমান এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গণেশ কুমার আগরওয়ালা। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন সুস্থ মানুষের দান করা রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দায়বদ্ধতা থেকে সুস্থ ও উপযুক্ত ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্য একজন দৃষ্টিহীন ব্যক্তির জীবনে আলো ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারেন। দৃষ্টিশক্তি হারানো মানুষই চোখের আলোর মূল্য সবচেয়ে ভালো বোঝেন। তাই মৃত্যুর পরও মানবতার কল্যাণে অবদান রাখতে সবাইকে মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত হওয়ার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

