ফরিদপুরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় একটি এলপিজি ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার এবং একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক তিনটি প্রতিষ্ঠানে অভিযানে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় আল বারাকাহ অ্যান্ড কোং নামের ওমেরা এলপিজি ডিলারে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ পাওয়া যায়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাখুন্ডা মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লালখাঁর মোড় এলাকায় রিজিক ড্রিংকিং ওয়াটার নামের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় উৎপাদিত প্যাকেটজাত পানীয় জলের পণ্যের সিএম লাইসেন্স সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান এবং মাঠ কর্মকর্তা (সিএম) এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

