ফরিদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আটজন উদ্যোক্তার মাঝে অনুদান ও বিভিন্ন ধরনের আধুনিক কৃষি উপকরণ বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’ (এসডিসি)।
আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসডিসির বাস্তবায়নে পরিচালিত ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর শাখার নির্বাচিত সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষের জন্য তিনজন, জলবায়ু সহনশীল জাতের ফসল চাষে একজন, আন্তঃফসল চাষ প্রদর্শনীতে একজন, পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনে দুজন এবং এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে বছরব্যাপী ফসল চাষের জন্য একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত চাষীদের মাঝে ফসল ও সবজির বীজ, মানসম্মত ফলগাছের চারা, পরিবেশবান্ধব জৈব বালাইনাশক, জৈব সার, সিমেন্টের খুঁটি, সাইনবোর্ড এবং হিসাব সংরক্ষণের জন্য রেজিস্টার খাতা ও কলমসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে সংস্থার ঊর্ধ্বতন সহকারী পরিচালক (প্রশাসন) ইরানি সাদেক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এএমডিইউর অতিরিক্ত কো-অর্ডিনেটর ডা. বিপ্লব কুমার মোহন্ত, এগ্রিকালচার অফিসার সুমাইয়া হাসান এবং সহকারী এগ্রিকালচার অফিসার সাজিদ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসডিসি কর্তৃপক্ষ জানায়, কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলাই তাদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


