ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পর্যটন খাতের আধুনিকায়ন ও প্রসারে ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল ও মো. সাকিব রহমান আকাশ, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন শাখা) মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করা সম্ভব। ফরিদপুরের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এসব স্থানের পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পর্যটকদের তথ্য, দিকনির্দেশনা, আবাসন ও যাতায়াতসেবা সহজ করতে ডিজিটাল ম্যাপ, ভার্চুয়াল ট্যুর এবং অনলাইন তথ্যভান্ডার তৈরির প্রস্তাবও উঠে আসে সভায়। একই সঙ্গে জেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করে পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের পর্যটন ও ডিজিটাল উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও সভায় মত দেওয়া হয়।
এছাড়া পর্যটনকেন্দ্রগুলোতে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন উন্নয়নে এআই ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় ফরিদপুর জেলার পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা করা হয়।

