দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ফরিদপুর টিটিসিতে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাব্বেয়া। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, টিটিসির প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
আলোচনায় দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ ও নিরাপদ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও সচেতনতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিরা ফরিদপুর টিটিসির বিভিন্ন ট্রেড ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মান, অবকাঠামো ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্টরা জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

