কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোরালো দাবি এবং ‘খতমে নবুওয়ত’ সংরক্ষণের লক্ষে ফরিদপুরে এক বিশাল মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ (বুধবার, ১১ নভেম্বর) বিকেলে অম্বিকা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা শাখার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, এই মহাসম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ বয়ানে বলেন, ইসলামী আকিদা অনুযায়ী শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর নবুওয়তের অবসান ঘটেছে—যা মুসলিম উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। তবে কাদিয়ানী সম্প্রদায় নিজেদের মুসলিম দাবি করলেও এই মূল আকিদাকে অস্বীকার করে আসছে। এরই প্রেক্ষিতে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং ইসলামিক পরিভাষা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে দীর্ঘ দিন ধরে জাতীয়ভাবে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠন। আজকের মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার দাবি পুনর্ব্যক্ত করছেন।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব ডি.আই.টি। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমীর মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী। এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আলী আফতাবনগর, মাওলানা আব্দুল লতিফ ফারুকী (ঢাকা), মাওলানা আবুল কাশেম আশরাফী (ঢাকা), মাওলানা আহমদ আলী (ঢাকা), সালথার বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ শাহ্ আকরাম আলী সাহেব এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, ফরিদপুর জেলার সেক্রেটারি মুফতি কামরুজ্জামান সাহেব।
ফরিদপুর জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওঃ আবুল হুসাইন সাহেবের সভাপতিত্বে এই মহাসম্মেলন সফল ও সার্থক করে তুলতে সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


