‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ (সোমবার, ৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রায়হান গফুর এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য। তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, বস্তি সমস্যা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর, ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।

