‘যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যে ফরিদপুরে জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর ‘মহা তাঁবু জলসা’ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখা এ বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করে।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাঁবু জলসা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, তাঁর সহধর্মিনী ফারজানা খান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেহেনা জাহান রানি, উপজেলা কমিশনার মোসাম্মৎ শামসুন্নাহার এবং জেলা সাধারণ সম্পাদক ফিরোজা বেগমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলি বিকাশে গার্ল গাইডিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি গাইডিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, সামাজিক দায়িত্ব ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী গার্ল গাইডদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ পুরো গাইড ক্যাম্প পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন সৃজনশীল স্টল ও শৃঙ্খলামূলক কার্যক্রম ঘুরে দেখেন।
ফরিদপুর সদরসহ জেলার নয়টি উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৭৫ জন গার্ল গাইড ও গাইড শিক্ষক এই আঞ্চলিক ক্যাম্পে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা রেহেনা প্রিয়া।

