সাক্ষরতাকে কেবল পড়া ও লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পাল।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মানসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সাক্ষরতার ভূমিকা অপরিসীম। শিক্ষার সুযোগ সর্বস্তরে প্রসারিত করা এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছে সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে পৌঁছে দেওয়া সমাজের সবার দায়িত্ব ও কর্তব্য। কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবসম্পদ উন্নয়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই বলেও উল্লেখ করেন অতিথিরা।


