ফরিদপুরের সার্বিক উন্নয়ন, জনদুর্দশা এবং সম্ভাবনার কথা গণমাধ্যমে স্বাধীনভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পাশে তিনি সব সময় থাকবেন।
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সংসদ সদস্য প্রেসক্লাবে পৌঁছালে সংগঠনের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “যুগ যুগ ধরে আমাদের পরিবার ফরিদপুরের মানুষের সেবা করে আসছে। মানুষের কল্যাণ ও এলাকাবাসীর উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। ফরিদপুরকে একটি পরিকল্পিত, সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই।”
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার কথা উঠে আসে। বক্তারা শহরের তীব্র যানজট নিরসন, জেলাকে সাজাতে একটি টেকসই মাস্টার প্ল্যান প্রণয়ন, ক্লাবের হলরুম আধুনিকায়ন এবং মাদকের ভয়াবহ ছোবলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জোরালো দাবি জানান। এ ছাড়া বক্তব্য প্রদানকালে একাধিক সদস্য ফরিদপুরের উন্নয়নে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফারিয়ান ইউসুফ, আসাদুজ্জামান দুলাল, আলিমুজ্জামান রনি, এস এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস এম মনিরুজ্জামান ও শেখ সাইফুল ইসলাম অহিদ।

