Sunday, 29 November 2026
  • Home  
  • আগামী বছরের জুনেই শেষ হবে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ
- ফরিদপুর জেলার খবর

আগামী বছরের জুনেই শেষ হবে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। বুধবার বিকেলে ফরিদপুর শহরসংলগ্ন টেপাখোলা […]

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

বুধবার বিকেলে ফরিদপুর শহরসংলগ্ন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান। তিনি বলেন, ‘নির্মাণাধীন প্রকল্পের কাজ ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যেই ইনশা আল্লাহ প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ এর আগে প্রকল্প এলাকায় পৌঁছালে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন ঠিকাদার মো. বাচ্চু মিয়া।

এ সময় ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৮১ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে টেপাখোলা লেককে ঘিরে গড়ে উঠবে আধুনিক বিনোদন ও অবকাশকেন্দ্র। প্রকল্পের আওতায় লেকের চারপাশে নির্মাণ করা হচ্ছে ২৪ ফুট প্রশস্ত স্থায়ী সড়ক, ড্রেন, ফুটপাত, ফুটপার্ক ও হাঁটার পথ (ওয়াকওয়ে)। শিশুদের বিনোদনের জন্য থাকছে উন্নতমানের বিভিন্ন রাইডস। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হচ্ছে মাল্টিপারপাস হলরুম। একসঙ্গে প্রায় ১ হাজার ৫০০ দর্শকের বসার ব্যবস্থা রেখে নির্মাণ করা হচ্ছে এম্ফিথিয়েটার। এ ছাড়া থাকছে আরও নানা আধুনিক সুযোগ-সুবিধা। প্রকল্পের কাজের মান ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

বাংলাদেশ সাংবাদিক ফোরাম, ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি এস এম আকাশ বলেন, ‘ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই লেক উন্নয়ন প্রকল্পের কাজের মান দেখে আমরা অত্যন্ত খুশি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজও ভালো হচ্ছে।

আমাদের জানামতে, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম নিজেই সার্বক্ষণিক কাজের তদারকি করছেন। পাশাপাশি প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান নিয়মিত প্রকল্প পরিদর্শন করছেন। ফলে কাজে অনিয়মের সুযোগ নেই বলে আমরা মনে করি।’

গোলক্ষীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হারুন অর রশিদ বলেন, ‘টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজে এখন পর্যন্ত কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। কাজের মান দেখে ফরিদপুরবাসী হিসেবে আমরা সবাই সন্তুষ্ট।’ প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হলে ফরিদপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শহরবাসীর বিনোদন, অবসরযাপন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি আধুনিক পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx