প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই জমে উঠেছে ফরিদপুর শহরের ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলো। গরম কাপড় পরার মতো তীব্র শীত এখনো না পড়লেও আগেভাগেই শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন সাধারণ মানুষ। ফলে গত কয়েক দিন ধরে নগরের অস্থায়ী ভ্রাম্যমাণ দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের শীতবস্ত্র কিনতে এসব দোকানে ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, শহরের নিউমার্কেট এলাকা ও পৌরসভার সামনের ফুটপাতে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। এ ছাড়া হাজী শরীয়াতুল্লাহ বাজার, থানার মোড়, নতুন ও পুরাতন বাস স্টেশন, বাইতুল আমান বাজার, গজারিয়া মার্কেট, কমলাপুর রেলস্টেশন এবং চকবাজারসহ নগরের গুরুত্বপূর্ণ মোড় ও ফুটপাতে শীতের কাপড়ের জমজমাট বেচাকেনা চলছে। এসব ভ্রাম্যমাণ দোকানে আমদানি করা পুরনো শীতবস্ত্রের পাশাপাশি নতুন ডিজাইনের পোশাকও সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যেই মিলছে জ্যাকেট, সোয়েটার ও ফুলহাতা টি-শার্ট।
দোকানিরা জানান, এ বছর তরুণ-তরুণী এবং শিশু-কিশোরদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। কেনাকাটা করতে আসা সাকেনের মোড় এলাকার বাসিন্দা সুমাইয়া পারভীন বলেন, “শীত জেঁকে বসলে কাপড়ের চাহিদা ও দাম—দুটোই বেড়ে যায়। তাই ঝামেলা এড়াতে এবং সাশ্রয়ী দামে দরদাম করে ভালো মানের কাপড় বেছে নিতেই আগেভাগে চলে এসেছি।” সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ডালিয়া ইসলাম অনন্যা জানান, হোস্টেলে থেকে টিউশনি করে তিনি পড়াশোনার খরচ চালান। তিনি বলেন, “বড় মার্কেট থেকে একটি শীতের পোশাক কিনতে এক থেকে তিন হাজার টাকা লাগে। সেখানে ফুটপাত থেকে ৫০-১০০ টাকার মধ্যেই ভালো মানের জ্যাকেট ও সোয়েটার পাওয়া যাচ্ছে, যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির।” ব্যবসায়ীদের চোখেমুখেও দেখা গেছে স্বস্তির ছাপ। ফরিদপুর বাইতুল আমান বাজারের ফুটপাত ব্যবসায়ী জাদু মিয়া বলেন, “দুই ঈদ ছাড়া বছরের এই শীত মৌসুমেই আমরা বাড়তি ব্যবসার সুযোগ পাই। সারা বছর এমন বেচাকেনা হয় না।” নিউমার্কেট এলাকার ব্যবসায়ী কবির হোসেন ও অন্যান্য বিক্রেতারা জানান, গত বছর শীত কম থাকায় গরম কাপড়ের চাহিদা তেমন ছিল না, ফলে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারেননি। তবে এবার শীতের শুরুতেই ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তাই এ মৌসুমে ভালো মুনাফার আশা করছেন তারা। এদিকে, শীতের আগমনে শহরের লেপ-তোশকের দোকানগুলোতেও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। তবে ব্যবসায়ীদের মতে, ঐতিহ্যবাহী লেপ-তোশকের বাজার ক্রমেই দখল করে নিচ্ছে আমদানি করা দেশি-বিদেশি কম্বল। ওজনে হালকা, টেকসই এবং সহজে বহনযোগ্য হওয়ায় ক্রেতাদের কাছে দিন দিন কম্বলের কদর বাড়ছে।

