জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ আয়োজন—সবখানেই কেকের চাহিদা বাড়ছে। আর এই চাহিদাকে ঘিরে ফরিদপুরে গড়ে উঠছে নারীদের নতুন উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে কেক তৈরির কাজ শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যবসা করছেন জেলার শতাধিক নারী। কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ সংসারের দায়িত্ব সামলে আবার কেউ কেক তৈরির প্রশিক্ষণ দিয়ে অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপকে কাজে লাগিয়ে এসব নারী ঘরে বসেই ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন নিজেদের তৈরি নানা স্বাদের ও নকশার কেক। তাঁদের কারও মাসিক বিক্রি কয়েক হাজার টাকা, আবার কারও বিক্রির পরিমাণ লাখ টাকা পর্যন্ত।
ফরিদপুরের এমনই একজন উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিথলি পড়াশোনার পাশাপাশি মা শামীমা নাসরিনকে সঙ্গে নিয়ে তৈরি করছেন কেক ও ফ্রোজেন ফুড। শখ থেকেই মা-মেয়ের এই উদ্যোগের শুরু। প্রথমে পরিবারের সদস্য ও পরিচিতজনদের জন্য কেক তৈরি করতেন তাঁরা। পরে পরিচিতজনদের প্রশংসা ও অর্ডার বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে বাণিজ্যিকভাবে কেক বিক্রি শুরু করেন। বর্তমানে তাঁদের মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। তিথলি বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের কিছু করার ইচ্ছা থেকেই কেক তৈরির কাজ শুরু করেন। প্রথমে শখের বিষয় হলেও ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে এটিকে ব্যবসায় রূপ দেওয়ার সাহস পান। এ কাজে মায়ের সহযোগিতা তাঁর সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার পাশাপাশি সময় ভাগ করে কেক তৈরি, অর্ডার গ্রহণ ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করছেন তাঁরা। ভবিষ্যতে উদ্যোগটি আরও বড় পরিসরে নেওয়ার স্বপ্ন দেখেন তিনি।
সংসারের দায়িত্ব সামলেও নিজের পরিচয় ও আর্থিক সক্ষমতা তৈরি করেছেন তিন সন্তানের মা আয়শা সিদ্দিকা স্মৃতি। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে অনলাইনে কেক বিক্রি শুরু করেন তিনি। শুরু থেকেই স্বামীর সহযোগিতা পেয়েছেন। কেক তৈরির উপকরণ সংগ্রহ থেকে শুরু করে অর্ডার নেওয়া ও ব্যবসার বিভিন্ন কাজে স্বামীর উৎসাহ তাঁকে এগিয়ে যেতে সহায়তা করেছে। প্রথমে সীমিত পরিসরে পরিচিতজনদের কাছে কেক বিক্রি করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতা বাড়তে থাকে। বর্তমানে তাঁর মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকা। আয়শা সিদ্দিকা স্মৃতি বলেন, সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরি করার ইচ্ছা থেকেই কাজটি শুরু করেছিলেন। শুরুতে অনেক কিছুই নতুন ছিল। তবে স্বামীর উৎসাহ ও সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন নিয়মিত অর্ডার পাচ্ছেন। নিজের উপার্জন দিয়ে পরিবারের আর্থিক অবস্থায় অবদান রাখতে পারা তাঁর কাছে বড় প্রাপ্তি।
অন্যদিকে, শখকে পেশায় রূপ দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন নিলুফা ইয়াসমিন রত্না। দীর্ঘদিন ধরে পেশাদারভাবে কেক তৈরি করছেন তিনি। নিজের ব্যবসার পাশাপাশি নতুনদের হাতে-কলমে কেক তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী নিজেরাই ক্ষুদ্র উদ্যোগ শুরু করেছেন। বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনের কেকের অর্ডার নেন রত্না। এক দিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে প্রায় ৫০ হাজার টাকা বিক্রির অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া এককভাবে ৬০ পাউন্ড ওজনের কেকও তৈরি করেছেন তিনি। বড় অর্ডার সামলাতে পরিকল্পনা, দক্ষতা ও সময় ব্যবস্থাপনাকে গুরুত্ব দেন এই উদ্যোক্তা। নিলুফা ইয়াসমিন রত্না বলেন, কেক তৈরিকে তিনি শুধু ব্যবসা নয়, দক্ষতা ও সৃজনশীলতার একটি ক্ষেত্র হিসেবেও দেখেন। নিজের কাজের পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে তাঁরাও ঘরে বসে আয় করার সুযোগ পান। তাঁর মতে, সঠিক প্রশিক্ষণ, মানসম্মত উপকরণ এবং ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে এ খাতে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।
শখের বশে কেক তৈরি শুরু করেছিলেন গৃহিণী রহিমা সুলতানা রিদি। পরিবারের সদস্যদের জন্য কেক বানাতে বানাতেই তৈরি হয় তাঁর দক্ষতা। পরে পরিচিতজনদের আগ্রহ ও অনুরোধে কেক বিক্রির সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যোগের প্রচার শুরু করলে ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। বর্তমানে ঘরে বসেই নিয়মিত কেক তৈরি ও বিক্রি করছেন তিনি। মাসে তাঁর কেক বিক্রির পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা। রহিমা সুলতানা রিদি বলেন, প্রথমে নিজের শখ পূরণের জন্য কেক তৈরি করতেন। পরে বুঝতে পারেন, এই কাজের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব। এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন। নিজের উপার্জনে সংসারে সহযোগিতা করতে পারছেন, পাশাপাশি আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীলতাও কমেছে।
ফরিদপুরে ঘরে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে নারীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, অল্প পুঁজি ও নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলছেন। এসব উদ্যোগকে টেকসই ও সম্প্রসারিত করতে নিবন্ধন, প্রশিক্ষণ এবং ঋণসহায়তার সুযোগ রয়েছে।
বিসিক ফরিদপুরের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, ঘরে তৈরি খাদ্যপণ্য নিয়ে নারীদের উদ্যোগকে তাঁরা উৎসাহিত করছেন। যাঁরা কেক, পেস্ট্রি কিংবা অন্যান্য খাদ্যপণ্য তৈরি করে ব্যবসা করছেন, তাঁদের বিসিকের আওতায় নিবন্ধনের সুযোগ রয়েছে। নিবন্ধনের মাধ্যমে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক পরিচিতি পাওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিসিকের পক্ষ থেকে খাদ্যপণ্য তৈরি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ও ব্যবসা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যাঁরা ব্যবসা সম্প্রসারণ করতে চান, তাঁদের জন্য স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগও রয়েছে। প্রয়োজনীয় নিয়মকানুন ও যোগ্যতা পূরণ করে আবেদন করলে নির্দিষ্ট প্রক্রিয়ায় ঋণ পাওয়া সম্ভব।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু পণ্য তৈরি করলেই হবে না, পণ্যের গুণগত মান, পরিচ্ছন্নতা, সঠিক মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করাই বিসিকের লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ঘরে তৈরি খাদ্যপণ্যের বাজার আগের তুলনায় অনেক বড় হয়েছে। বিশেষ করে নারীদের জন্য এ খাতে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন, সময়মতো অর্ডার সরবরাহ এবং ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ফরিদপুরের এসব নারী উদ্যোক্তার উদ্যোগ প্রমাণ করছে, স্বাবলম্বী হতে সব সময় বড় পুঁজি কিংবা বড় প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। ইচ্ছা, দক্ষতা ও পরিশ্রম থাকলে ঘরের রান্নাঘর থেকেই শুরু হতে পারে সম্ভাবনাময় ব্যবসা। প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ পেলে এসব ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে আরও বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে।


