ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা, বঞ্চনা, হামলা-মামলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, ১৯৭৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রসংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ২৫ বছর বিভিন্ন জনসেবামূলক দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে অবিভক্ত নগরকান্দা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
এ ছাড়া একাধিকবার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ের বর্ণনা দিতে গিয়ে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
তাঁর দাবি, ২০১৫ সালের ১৯ আগস্ট ফরিদপুর-২ আসনের তৎকালীন সংসদ সদস্যের পরিবারের সদস্যদের প্ররোচনায় তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।তিনি জানান, ওই হামলায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একই সময়ে তাঁর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এমনকি তাঁর বাবা-মায়ের কবরও ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
দেলোয়ার হোসেন আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয় এবং তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এসব মামলায় তাঁকে টানা এক বছর কারাগারে থাকতে হয়। পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে তিনি সব মামলা থেকে অব্যাহতি পান বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সালথা উপজেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য শাহাদাত আকবর চৌধুরী লাবু দায়িত্বে থাকাকালে তাঁর পরিবারসহ উপজেলার আটটি ইউনিয়নের অনেক নেতাকর্মী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাঁর দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার ও নানা ধরনের জুলুম-অত্যাচারের কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো কিংবা তাঁদের আইনি সহায়তা ও সুরক্ষা দেওয়া সম্ভব হয়নি। এই ব্যর্থতার বেদনাও তাঁকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছে।সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন জানান, শারীরিক অসুস্থতা ও বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দলীয় সব পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে যদি কোনো ভুল করে থাকি কিংবা কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যারা সুখে-দুঃখে আমার ছায়ার মতো পাশে ছিলেন, তাঁদের অবদান আমি আজীবন হৃদয়ে স্মরণ রাখব।”দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


