ফরিদপুর-২ আসনের অবকাঠামোগত ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় চাহিদা ও এলাকার অবকাঠামোগত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের চাহিদার ভিত্তিতে এই বরাদ্দ দেওয়া হয়েছে। অনুমোদিত এই মেগা প্রকল্পের আওতায় এলাকার ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। এর মধ্যে মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সংস্কার ও উন্নয়নে ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া স্থানীয় যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের লক্ষ্যে ১০ কোটি টাকার পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্প অনুমোদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আমি বিশ্বাস করি, এসব উদ্যোগের মাধ্যমে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে এবং এলাকার যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। ফরিদপুর-২ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, সার্বিক অগ্রগতি এবং জনসাধারণের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমি প্রতিশ্রুতবদ্ধ।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার মানুষের প্রয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের পাশাপাশি বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদিত প্রকল্পগুলো যথাযথভাবে ও দ্রুত বাস্তবায়িত হলে নগরকান্দা ও সালথা উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি যোগাযোগব্যবস্থারও দৃশ্যমান অগ্রগতি ঘটবে।


