Thursday, 12 November 2026
  • Home  
  • ট্রাফিক পুলিশের টিআই তুহিন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
- ফরিদপুর জেলার খবর

ট্রাফিক পুলিশের টিআই তুহিন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি […]

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (বুধবার, ১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের তদারকি কর্মকর্তা ও ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অভিযোগ অনুযায়ী, তুহিন লস্কর প্রায় ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। তাঁর সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা আদায় করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তুহিন লস্করের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শেষে তুহিন ও তাঁর স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। পরবর্তী সময়ে সম্পদের তথ্য যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করে দুদক। দুদকের অনুসন্ধানে তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পে ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া খুলনার বটিয়াঘাটা এবং গোপালগঞ্জ সদর এলাকায় জমির মালিকানার তথ্যও রয়েছে। তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামেও বিভিন্ন স্থানে সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে খুলনার খালিশপুর আবাসিক এলাকায় একটি বহুতল ভবন, ফরিদপুরের কামলাপুরে ইউনাইটেড টাওয়ারে একটি ফ্ল্যাট, হাবেলী গোপালপুরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় জমি ও পাঁচতলা ভবনের তথ্য রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ অনুসন্ধানকালে আদালতের মাধ্যমে তুহিন লস্কর ও তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। দুদকের দায়ের করা মামলা দুটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx