ফরিদপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। বাখুন্ডা সুজন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ফরিদপুর জুনিয়র ফুটবল একাডেমি। ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করে শক্তিশালী গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমিকে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাখুন্ডা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে নামে হাজারো ফুটবলপ্রেমী দর্শক। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠের গ্যালারিতে টানটান উত্তেজনা বিরাজ করছিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে একমাত্র ও জয়সূচক গোলটি করে ফরিদপুর জুনিয়র ফুটবল একাডেমি, যা তাদের উল্লাসে ভাসা এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ সময় চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ্ শফিকুল আলম (রানু মিয়া)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, মামুনুর রশীদ বাবু, বাখুন্ডা সুজন সংঘের সিনিয়র সহ-সভাপতি নেভি হান্নান ও ক্রীড়া সম্পাদক শাওন আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথি, ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়, রেফারি ও ধারাভাষ্যকারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এমন একটি জমকালো ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।

