Monday, 2 November 2026
  • Home  
  • যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন, বিকাশে আদায় লাখ টাকা
- Uncategorized

যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন, বিকাশে আদায় লাখ টাকা

কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীবেশে একটি সাদা প্রাইভেটকারে তুলে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বজনদের কাছ থেকে বিকাশে এক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর ওই কর্মকর্তাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলে রেখে যায় তারা। আজ (সোমবার, ২ নভেম্বর) সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার […]

কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীবেশে একটি সাদা প্রাইভেটকারে তুলে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বজনদের কাছ থেকে বিকাশে এক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর ওই কর্মকর্তাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলে রেখে যায় তারা। আজ (সোমবার, ২ নভেম্বর) সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড থেকে অপহরণের শিকার হন বাহাউদ্দিন শেখ (৩৪)। পরে সকালেই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা এলাকায় মহাসড়কের পাশে তাকে ফেলে যাওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। হাসপাতালে চিকিৎসাধীন বাহাউদ্দিন শেখ জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা প্রাইভেটকার তার সামনে এসে থামে। চালক তাকে ঢাকায় যাওয়ার কথা বলে যাত্রী হিসেবে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আগে থেকেই আরও তিনজন ছিলেন। তারা নিজেদের যাত্রী বলে পরিচয় দেন। তিনি বলেন, গাড়িতে ওঠার দেড় থেকে দুই মিনিটের মধ্যেই দুজন তার মুখ বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে নিজের প্রয়োজনের কথা বলে স্বজনদের কাছ থেকে টাকা আনতে চাপ দেন তারা। এ সময় তাকে হাতুড়ি দিয়েও পেটানো হয়। বাহাউদ্দিনের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটি প্রথমে ঢাকার দিকে কিছু দূর যাওয়ার পর ঘুরে ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে যায়। পরে গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে চলার সময় দুর্বৃত্তদের দেওয়া বিকাশ নম্বরে স্বজনেরা এক লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর তাকে অনেকটা অসচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তার মুঠোফোনের সিম কার্ডও নিয়ে যায় তারা। বাহাউদ্দিনের চাচাতো ভাই সোহাগ শেখ বলেন, তাকে জিম্মি করে স্বজনদের ফোন করা হয়েছিল। পরে তারা এক লাখ টাকা বিকাশে পাঠান। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতারুজ্জামান জানান, বাহাউদ্দিনের বুক, হাত ও পায়ে মারধরের একাধিক চিহ্ন রয়েছে। তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx