ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে ‘জননী ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন।
আজ (সোমবার, ২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়েন, আবার কেউ কেউ বাসের ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। তাঁরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে সহায়তা করেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

