পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রের চক্রান্তের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার, ২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও পরে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে ফরিদপুরের নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদানকারী চক্রের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অবমাননা ও জানাজা-দাফনে বাধা দান দেশ ও স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং একইসঙ্গে এ বিষয়ে সরকারের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেন।


