মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ক্ষতিকর পথ থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের ভেতর সামাজিক শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় ক্রীড়ানুরাগী দর্শক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

