Wednesday, 9 September 2026
  • Home  
  • স্বামী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন
- ফরিদপুর জেলার খবর

স্বামী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, জামিন না দেওয়া এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন নিহত কৃষক ইউসুফ আলী শেখের স্ত্রী ডালিয়া বেগম, স্বজন ও এলাকাবাসী। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর জজকোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। তাঁদের […]

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, জামিন না দেওয়া এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন নিহত কৃষক ইউসুফ আলী শেখের স্ত্রী ডালিয়া বেগম, স্বজন ও এলাকাবাসী।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর জজকোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। মানববন্ধন থেকে মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে স্বামী হত্যার বিচার দাবি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ডালিয়া বেগম। আহাজারি করে তিনি বলেন, ‘আমারে যারা বিধবা করেছে, তাদের যেন ফাঁসি হয়।’

নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে চরভদ্রাসন থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করে। তবে আরও তিনজন আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্ত্রী ও স্বজনেরা।

মানববন্ধনে ডালিয়া বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, পুলিশ এখনো তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। কী কারণে বা কোন শক্তির কারণে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না, তা তিনি জানেন না।

ডালিয়া বেগম বলেন, ‘আমি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। তাঁদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। যারা আমার স্বামীকে তিলে তিলে মেরেছে, আমি তাঁদের ফাঁসি চাই।’

মানববন্ধন থেকে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx