ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা বৃত্তি ও বিশেষ মূল্যায়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির ৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এসএসসি ২০২৬ ও প্রাথমিক বৃত্তি ২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ৩,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিশেষ মেধা পুরস্কার হিসেবে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী লাবিদ হাসানের হাতে ১০,০০০ টাকা এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আয়শা মর্তুজার হাতে ৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান এবং গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী।
এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ১৯৮৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এই স্কুল থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত পড়াশোনার পুরো দায়িত্ব ও বৃত্তি প্রদান করে আসছে ফাউন্ডেশনটি।
উল্লেখ্য, ফরিদপুরের গেরদা গ্রামে জন্মগ্রহণকারী, অবিভক্ত ভারতের প্রথম বাঙালি মুসলিম আইসিএস (ICS) কর্মকর্তা আবুল ফয়েজ মুজিবুর রহমানের পরিবার দেশের শিক্ষাবান্ধব কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে চলেছে। তাঁর স্মরণে গঠিত এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৯৮৫ সাল থেকে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

