প্রশ্ন: দূর পাল্লার বাসগুলোতে যখন যাত্রীর চাপ কম থাকে, অনেক সিট ফাঁকা থেকে যায়, তখন কন্ডাক্টররা টিকিট ছাড়া কম ভাড়ায় ভ্রমণ করার প্রস্তাব দিয়ে থাকেন। এ রকম ক্ষেত্রে যদি কন্ডাক্টরের নির্ধারিত ভাড়ায় ভ্রমণ করি, তাহলে কি আমি গুনাহগার হবো?
উত্তর: বাসের কন্ডাক্টর যদি কোম্পানিকে ফাঁকি দিয়ে টিকিট ছাড়া কম ভাড়া নেন বা সেই অর্থ নিজের কাছে রেখে দেন, তাহলে এভাবে ভ্রমণ করা জায়েজ নয়। এতে প্রতারণা ও গুনাহের কাজে সহযোগিতা করা হয়।
আল্লাহ তাআলা বলেন, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। (সুরা মায়েদা: ২)
তবে যদি যদি বাস কোম্পানি কন্ডাক্টরকে বিশেষ পরিস্থিতিতে ভাড়া কমানো, ছাড় দেওয়া বা টিকিট ছাড়াই যাত্রী নেওয়ার অনুমতি দিয়ে থাকে এবং আপনার তা জানা থাকে, তাহলে তার নির্ধারিত কম ভাড়ায় ভ্রমণ করা জায়েজ। কারণ তিনি কোম্পানির অনুমোদিত প্রতিনিধি, তার কাছে ভাড়া পরিশোধ করলে কোম্পানির কাছেই পরিশোধ করা হয়।
যদি আপনার জানা না থাকে কোম্পানি কন্ডাক্টরকে টিকিট ছাড়া যাত্রী নেওয়ার অনুমতি দিয়েছে কি না, কন্ডাক্টর আপনার পরিশোধিত ভাড়া মূল হকদার তথা বাসের মালিক বা কোম্পানির কাছে পৌঁছাবে কি না, তাহলে টিকিট ছাড়া ভ্রমণ করা থেকে বিরত থাকুন, সামর্থ্য অনুযায়ী টিকিট কেটে ভ্রমণ করুন, এটাই নিরাপদ পন্থা।


