আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি বা ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)। পূজা চলাকালে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি— অপরাধী যে দলেরই হোক না কেন, কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের ধরন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। নির্বাচনী এলাকায় দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের সামাজিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে বৈশ্বিক চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে কিছু সাময়িক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের ধারাবাহিকতার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় প্রজন্মের নেতা হিসেবে বিশ্বমঞ্চে তাঁর এই বক্তব্য প্রদানের ঘটনা বৈশ্বিক রাজনীতিতে বিরল।
নগরকান্দা উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ এবং সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


