মালয়েশিয়ার নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে ২৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৫৫ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে আছেন ইন্দোনেশিয়ার ১৭৮, মিয়ানমারের ২০, কম্বোডিয়া, নেপাল ও পাকিস্তানের ছয়জন করে, ভারতের চার, থাইল্যান্ডের তিন, ভিয়েতনামের দুই এবং শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একজন করে নাগরিক।
সোমবার (২৪ আগস্ট) ইমিগ্রেশন ডিপো কর্তৃপক্ষ জানায়, এসব ব্যক্তিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এবং পাসির গুদাংয়ের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। এক্ষেত্রে বিমানভাড়াসহ অন্যান্য খরচ তাদের ব্যক্তিগত সঞ্চয় ও পরিবারের সহায়তায় বহন করা হয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বিমানভাড়ার ব্যয় বহন করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দণ্ডবিধি, বিপজ্জনক মাদক আইন, অভিবাসন আইন, অভিবাসন বিধিমালাসহ বিভিন্ন আইনে করা মামলায় কারাদণ্ড ভোগ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো উদ্দেশ্যেই তাদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


