ফরিদপুরে নতুন করে ৩৩ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ (রোববার, ৪ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৬ হাজার ৩৯০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে হামজনিত কারণে মৃত্যু হয়েছে ২১ জনের। উপজেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
জেলা পর্যায়ের দুই প্রধান হাসপাতালে মোট ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। আগের ভর্তি রোগী ছিলেন ৬ জন। বর্তমানে এ হাসপাতালে মোট ২১ জন হাম রোগী ভর্তি রয়েছেন। ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ জনে।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। আগের ভর্তি রোগী ছিলেন ৭১ জন। বর্তমানে সেখানে মোট ৮৯ জন হাম রোগী ভর্তি রয়েছেন। ৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ হাসপাতালে এ পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ৪ হাজার ২২৮ জন। দুই হাসপাতালে বর্তমানে মোট ১১০ জন হাম রোগী ভর্তি রয়েছেন। দুই হাসপাতাল থেকে মোট ২২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, রোববার ফরিদপুর জেলার ২০ জন এবং অন্যান্য জেলার ১৩ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

