Wednesday, 9 September 2026
  • Home  
  • মিলিটারি কলেজিয়েট স্কুলের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু
- ফরিদপুর জেলার খবর - শিক্ষা

মিলিটারি কলেজিয়েট স্কুলের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)-এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে […]

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)-এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে এমসিএসএফের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির আনুষ্ঠানিক একাডেমিক পাঠদান শুরু হয়। গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন।

অধ্যক্ষ জানান, দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আধুনিক, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ইতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, এই মিলিটারি কলেজিয়েট স্কুল চালুর ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ সরবরাহ ও বিভিন্ন সেবা খাতের ব্যাপক বিকাশ ঘটবে। এটি মানসম্মত ও টেকসই শিক্ষা বিস্তারের পাশাপাশি ফরিদপুরের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ক্যাম্পাসের অবশিষ্ট অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে ‘গার্লস উইং’ (ছাত্রীদের শাখা) চালু করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের নিয়ে এই আধুনিক ও নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেখানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx