স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্টরা অবহেলা, লুটপাট ও মেশিনপত্র কেনার নামে অনিয়ম-দুর্নীতি করে দেশের পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর করে দিয়ে গেছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশিরভাগ হাসপাতালে জনবল সংকট রয়েছে। গত ১৭ বছরে এই জনবল সংকটেরও কোনো সমাধান হয়নি। তারা স্বাস্থ্যসেবার দিকে লক্ষ্য করেনি। তাদের লক্ষ্য ছিল শুধু টাকা উপার্জন করা এবং মানুষকে মেরে ক্ষমতায় টিকে থাকা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথাগুলো বলেন স্বাস্থ্য মন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে সবার জন্য সুস্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে গত বাজেটের তুলনায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছেন। আমরা সারাদেশ ঘুরে ঘুরে কোথায় কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করছি এবং সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি। কোনো অনিয়ম পেলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে অভিযোগ পাওয়ায় হাসপাতালের তিন জন সিনিয়র নার্স রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশনা দেন মন্ত্রী।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিনা আক্তার নামে পরিবার পরিকল্পনা সহকারীকে বদলির নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


